সিঙ্গাপুর থেকে ২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ। এপ্রিলে প্রায় ৪ লাখ টন চাহিদা মেটাতে আরও ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে বিপিসির।সিঙ্গাপুর থেকে ২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে একটি জাহাজ। আজ শুক্রবার দুপুরে চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে ভিড়েছে ‘ইয়ান জিং হে’ নামের জাহাজটি। তেল সরবরাহ করেছে ইউনিপ্যাক সিঙ্গাপুর পিটিই লিমিটেড।
বন্দর সূত্রে জানা গেছে, ভোরে জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছায়। দুপুর দুইটার দিকে ওই জাহাজটি বন্দরের ডলফিন জেটিতে নোঙর করে। রাতে ‘শান গ্যাং ফা জিয়ান’ নামের আরও একটি জাহাজ জ্বালানি তেল নিয়ে বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এছাড়া আগামীকাল এলএনজি নিয়ে আরও একটি জাহাজ আসার কথা আছে। মার্চে বিভিন্ন জ্বালানি নিয়ে মোট ৩৩টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌছায়। এর মধ্যে ১৫টি জাহাজ বিভিন্ন ধরনের জ্বালানি তেল, ৮টিতে এলএনজি এবং ৯টি এলপিজি নিয়ে বাংলাদেশে আসে।
জ্বালানি তেল আমদানি ও সরবরাহের কাজ করে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। সংস্থাটির তথ্য অনুযায়ী, এপ্রিলে ডিজেলের চাহিদা প্রায় চার লাখ টন। এ মাসে আরও সোয়া তিন লাখ টন ডিজেল আমদানির পরিকল্পনা আছে। এরই মধ্যে ১ লাখ ৬৫ থেকে ৬৮ হাজার টন ডিজেল আসার নিশ্চয়তা পাওয়া গেছে। এর বাইরে প্রায় দেড় লাখ টনের মতো ডিজেল মজুত রয়েছে।